মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ বাবা-ছেলে মারা গেছেন। গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বসির মিয়া (৫০) ও তার ছেলে রেদোয়ান আহমদ (২০) মারা যান। বশির মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩৭) বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
শেভরন ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২৩ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ইলামপাড়া গ্রামের একটি পাহাড়ি ছড়ার ভেতর দিয়ে শেভরনের ভূগর্ভস্থ পাইপলাইন লিকেজ হয়। এ সময় পাহাড়ি ছড়া দিয়ে জ্বালানি তেলের সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছ ভাসতে থাকে। এলাকায় অনেকের মতো মাছ শিকারে নামেন ইলামপাড়া গ্রামের বশির উদ্দিন ও তার ছেলে রেদোয়ান আহমেদ। এ সময় লিকেজ লাইন থেকে অগ্নিকাণ্ডে বাবা ও ছেলে দগ্ধ হন। তাদের সাহায্য করতে এসে বশির উদ্দিনের স্ত্রীও দগ্ধ হন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন জানান, নিহত বশির উদ্দিনের স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।