ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি। এতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। গেস্ট অব অনার থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় ৫৪তম সমাবর্তনে রাষ্ট্রপতির অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে নেয়া উদ্যোগ এবং বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় উপাচার্য আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে যোগ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে অংশগ্রহণের সম্মতি জানান। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানও সমাবর্তনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে আরো ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।