বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল

এ দুই আসনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ৫ মার্চ ও আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ই মার্চ পর্যন্ত

বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ আজ এ তথ্য জানিয়েছেন।

ইসি সচিব বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৯টি আসনে ভোট গ্রহণ করেছি। শেরপুর-৩ আসনে ভোট একজন বৈধ প্রার্থীর ইন্তেকালের কারণে বাতিল করা হয়। পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেয়ায় এখন এই দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এ দুই আসনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ৫ মার্চ ও আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ই মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। এরপর প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ এবং ভোট গ্রহণ ৯ এপ্রিল।

গণভোটের বিষয়ে আখতার আহমেদ বলেন, ‘একটিতে আগে গণভোট হয়েছে এবং গণভোটের যে ডিফারেন্স রয়েছে, তাতে আরেকটিতে ইনক্লুড না করলেও কোনো অসুবিধা নেই।’

শেরপুরে গণভোট হবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শেরপুরে প্রয়োজন হচ্ছে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন তারেক রহমান। পরবর্তীতে ১৬ ফেব্রুয়ারি কমিশনে ঘোষণাপত্র দাখিল করে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এর ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সেখানে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

অন্যদিকে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি মারা যান। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

আরও