রাজবাড়ী পৌরসভা

খানাখন্দে যান চলাচলের অনুপযোগী তিন সড়ক

রাজবাড়ী পৌরসভার তিনটি সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

রাজবাড়ী পৌরসভার তিনটি সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শহরের মধ্যে গুরুত্বপূর্ণ এ তিনটি সড়কের বেহাল দশার কারণে ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কগুলোয় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতে এসব খানাখন্দে পানি জমে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। 

রাজবাড়ী পৌরসভা কার্যালয়ের তথ্য মতে, পাবলিক হেলথ কার্যালয় থেকে সদর হাসপাতাল হয়ে ২ নম্বর রেলগেট সড়ক, ২ নম্বর রেলগেট থেকে এতিমখানা সড়ক ও ২ নম্বর রেলগেট থেকে হরিসভা সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। গুরুত্ব বিবেচনায় সড়ক তিনটির প্রশস্তকরণ ও মজবুতকরণের লক্ষ্যে তিনটি প্রকল্প ঠিক করে প্রকল্প পরিচালকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে সরজমিন ঘুরে দেখা যায়, শহরের মধ্য দিয়ে চলে যাওয়া সড়ক তিনটির দুই পাশেই রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস। এছাড়া হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার অন্য কোনো সড়ক না থাকায় বিপাকে পড়তে হয় স্বজনকে। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কগুলো। কাদামাটিতে একাকার হয়ে যাওয়ায় দুর্ভোগের শিকার হতে হয় পথচারীকে। 

জেলা শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকার বাসিন্দা আনিছুর রহমান বলেন, ‘ভেঙে যাওয়া সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানি গর্তে জমে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। টেকনিক্যাল স্কুলের মোড়ে বৃষ্টি হলে জমে থাকে হাঁটুপানি। তখন ভোগান্তি আরো বাড়ে।’

রাজবাড়ী সদর হাসপাতাল এলাকার বাসিন্দা তোরাব আলী বলেন, ‘দীর্ঘদিন এই সড়কগুলোয় হয়নি কোনো সংস্কারকাজ। তাই দ্রুত এ সড়কগুলো মেরামতে স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়রের কাছে দাবি জানাচ্ছি।’

এতিমখানা সড়ক এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘প্রায় দুই বছর ধরে এ সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। মেরামতের উদ্যোগ নেই। সড়কজুড়ে কিছু দূর পরপর বড় বড় গর্ত হয়েছে। এসব গর্তে পড়ে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা মাঝেমধ্যেই উল্টে যাচ্ছে। আহত হচ্ছেন যাত্রী ও চালকরা।’

সজ্জনকান্দা এলাকার বাসিন্দা হেদায়েত হোসেন বলেন, ‘সড়ক তিনটি দিয়ে দিনে ও রাতে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করে। যে কারণে অল্প সময়ে সড়কগুলো নষ্ট হচ্ছে। তাছাড়া সড়কের পাশে ড্রেন না থাকায় পানি জমে রাস্তাগুলো নষ্ট হচ্ছে। এসব সড়ক এখনই মেরামত করা প্রয়োজন। না হলে আরো খারাপ অবস্থার তৈরি হবে।’

রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু বণিক বার্তাকে বলেন,  ‘গুরুত্বপূর্ণ সড়ক তিনটির জন্য আলাদা আলাদা প্রকল্প হাতে নেয়া হয়েছে। বার বার প্রকল্পের পরিচালককে তাগাদা দেয়া হচ্ছে। তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে এ সড়কগুলোর কাজ করে দেবেন। দ্রুত প্রকল্প পাস না হলে বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে সড়ক তিনটি যান চলাচলের উপযোগী করা হবে।’

আরও