দূরে থাকা প্রিয়জনের সঙ্গে একসময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। সময়ের পরিবর্তনে সে জায়গা দখল করে নিয়েছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যম। তবে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে চিঠি উৎসব। বিশ্ব ডাক দিবস উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে দিনব্যাপী চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনীর এক ব্যতিক্রমী আয়োজন করে বাংলাদেশ ডাক বিভাগ। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা চিঠি বিনামূল্যেই গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে। শিক্ষার্থী ফাহিমা ইসলাম জানান, মাকে চিঠি লিখতে গিয়ে তার মনে হয়েছে, তিনি নব্বই দশকে ফিরে গেছেন। আয়োজনটি তার খুবই ভালো লেগেছে। রাজশাহীর পোস্টমাস্টার জেনারেল বলেন, ‘ডাকটিকিট প্রদর্শনীতে ডাক বিভাগের চিঠি প্রকাশের ইতিহাস ও সংগৃহীত চিঠির ঐতিহাসিক নিদর্শন তুলে ধরা হয়েছে।’