নেত্রকোনার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেয়া দুই অজ্ঞাত যুবক তার ওপর একাধিক গুলি ছোড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।