ময়মনসিংহে বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৭

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মামুন হোসেন বলেন, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনা দেখতে পান।

ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের শিশুসহ চারজন রয়েছেন। গতকাল বেলা সোয়া ১টার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়।

নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার দড়ি হামিদপুর গ্রামের রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন লেবু (৫০), তার মা রাশিদা বেগম (৭০), মেয়ে মর্জিনা (২৫) ও মর্জিনার ছেলে মিনাল (৫)। তারা গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। অপর তিনজনের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন একই পরিবারের শিশুসহ চারজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় জামালপুর থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মামুন হোসেন বলেন, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনা দেখতে পান। স্থানীয় লোকজন বাসটি ঠেলে সরিয়ে অটোরিকশাটি বের করেন। পরে অটোরিকশাটির ভেতর থেকে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উভয় যানবাহনের অতিরিক্ত গতির কারণে সংঘর্ষটি ঘটে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন মিলে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির ভেতর থেকে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করেন। এরপর মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও