একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন ও বছরের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন বিকেল ৪টায় শুরু হবে সংসদ অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। পরে তার এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা হবে। সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতাসহ কমিটির সদস্যরা এতে উপস্থিত থাকবেন।
সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেয়া হবে। এছাড়া এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
সূত্র জানায়, ২১তম অধিবেশনে মোট ১৭টি বিল উত্থাপিত হতে পারে। এসবের মধ্যে অন্তত ৭ থেকে ৮টি বিল পাস হতে পারে। গত ২০তম অধিবেশনে পাস না হওয়া ১০টি বিল জমা রয়েছে। নতুন ৭টি বিল জমা পড়েছে বলে আইন শাখা জানিয়েছে।