চুয়াডাঙ্গায় বাসচাপায় কলেজছাত্র নিহত

চুয়াডাঙ্গার জাফরপুরে বিজিবি হাসপাতালের সামনে বাসের চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম মাহফুজুর রহমান (২৪)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের ইউনুস আলীর ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহতদের মধ্যে তুহিনকে (২২) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী খান পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই কলেজছাত্র মাহফুজুর রহমান মারা যান। এ সময় আহত তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।

তিনি আরো জানান, বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের পরিচালক লে. কর্নেল ডা. মোহাম্মদ ইয়াছিন জানান, বাসটি মোটরসাইকেল ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ৩-৪ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরও