তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ

গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নড়াইলে তেল দিতে না পারাকে কেন্দ্র করে এক পেট্রল পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরেক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার (৩৩) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার তুলারামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ডিজেল নিতে যান পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তাকে তেল দিতে পারেননি। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাকচালক নাহিদকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে রাতে নাহিদ সরদার ও কর্মচারী জিহাদ মোল্যা মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পাম্প থেকে প্রায় ১০০ গজ দূরে পৌঁছালে পেছন দিক থেকে ট্রাকচাপা দেয় সুজাত মোল্যা।

এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জিহাদ মোল্যাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী বলেন, রাতে তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের দুই কর্মচারী মোটারসাইকেলে যাচ্ছিলেন। একটি ট্রাক তাদের চাপা দেয়। সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে দেখি নাহিদ নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত জিহাদ মোল্ল্যাকে চিকিংসার জন্য পাঠানো হয়েছে। তাদের দাবি, পাম্পে তেল না পেয়ে ট্রাক চাপা দেয়া হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ট্রাকচালক এবং ট্রাক আটকের জন্য চেষ্টা করছি।

আরও