কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফুলকুমার নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো ইব্রাহীম আলী (৮) ও তাবাসসুম (৯)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। ইব্রাহীম আলী ওই এলাকার আজিজুর রহমানের ছেলে ও তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইব্রাহীম, তাবাসসুম ও প্রতিবেশী আল-আমিনের ছেলে মাহাবুর রহমান মিলে বাড়ির পাশের ফুলকুমার নদীতে জাল ফেলে মাছ ধরছিল। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। আশপাশের লোকজন তা দেখে দ্রুত এগিয়ে গিয়ে মাহাবুর রহমানকে উদ্ধার করেন।
পরে আধা ঘণ্টা পর তাবাসসুমকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আরো এক ঘণ্টা পর নদী থেকে ইব্রাহীম আলীর মরদেহ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।