বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-যাত্রী নিহত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বর্মচারী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালকসহ এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চালকসহ এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

আজ মঙ্গলবার ভোর ৫টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসচালক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাটকদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. হাকিম (৩৫) ও বাসযাত্রী দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. আশিক আলী (২৩)।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, আজ ভোর ৫টার দিকে ঢাকা থেকে এস আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ যাত্রী নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে। এছাড়া দুর্ঘটনায় আহত দুই বাস যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও স্টাফরা পালিয়ে গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা মামলার আইনি প্রক্রিয়া চলমান।

আরও