৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে: স্বাস্থ্যমন্ত্রী

শজিমেক হাসপাতালে পূর্ণাঙ্গ হার্ট সার্জারি কার্যক্রম চালু করতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে সারা দেশে ২০টি নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপন ও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।

গতকাল বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শজিমেক হাসপাতালে পূর্ণাঙ্গ হার্ট সার্জারি কার্যক্রম চালু করতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌এ কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি হাসপাতালের কিডনি ডায়ালাইসিস সেবার সক্ষমতা বাড়িয়ে ৫০টি শয্যায় উন্নীত করা হবে।’

হাসপাতালের ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, ‘‌এজন্য ৩৭টি ডায়ালাইসিস মেশিন কেনার দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই সেবার সক্ষমতা বাড়িয়ে ৫০টি শয্যায় উন্নীত করা হবে।’

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান কলেজটির সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদার।

বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

আরও