নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় গরুবাহী ট্রলি ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত তিনজন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহ্তদের সবাই পেশায় গরু ব্যবসায়ী। তারা হলেন আব্দুর রহমান, আক্কাছ আলী ও তার বড় ভাই জাহাঙ্গীর আলম। তাদের বাড়ি বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকায়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী আব্দুর রহমানের মৃত্যু হয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আক্কাস আলী নামে আরেক গরু ব্যবসায়ী মারা যান।
পরে আশঙ্কাজনক অবস্থায় বাকি চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে জাহাঙ্গীর আলম নামে আরেক জনের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় হাইওয়ে পুলিশ।