ফ্যাসিস্ট সরকার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনে কয়েক লাখ কোটি টাকা চুরি করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জনবল ও টেকনিশিয়ান না থাকা সত্ত্বেও কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিনে ফেলে রাখা হয়েছে বলে জানান তিনি।
আজ সোমবার মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, অকেজো পড়ে থাকা এসব যন্ত্রপাতি এখন ভাঙারির কাছে বিক্রি করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এ সময় স্বাস্থ্য খাতে সততা ও জবাবদিহি প্রতিষ্ঠার তাগিদ দেন মন্ত্রী। তিনি জানান, হাসপাতালগুলোতে রোগীদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিকিৎসক ও নার্সদের রোগীদের প্রতি মানবিক, আন্তরিক ও সৌজন্যমূলক আচরণ করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যসেবার প্রতিটি ক্ষেত্রে গুণগত মান উন্নত করার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন করতে হবে।
মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, যারা মাদকের সঙ্গে জড়িত এবং যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কোনো ব্যক্তি জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়ালে তাকে পুনরায় গ্রেফতারের নির্দেশ দেন তিনি।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান।