গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় ডাম্পিংয়ের কাজ শেষ হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ কাজ শেষ হওয়ার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদের স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নোটিশ কারখানার ফটকে টাঙানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এর সব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি জানানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় থাকা কেমিক্যাল ও অ্যালুমিনিয়াম পেপারের নিচে ব্যবহৃত রাবারের কারণে আগুন ভয়াবহ রূপ নেয়। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ডাম্পিং ও পুরোপুরি নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে। তবে বুধবার রাতেই ডাম্পিংয়ের কাজ শেষ হয়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, বুধবার রাত ১১টার দিকে ডাম্পিংয়ের কাজ শেষ হয়েছে। সেখানে নতুন করে কোনো আশঙ্কা তৈরির সুযোগ নেই।