বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমপিউটেশনাল ম্যাটেরিয়ালস সায়েন্সের (বিএসিএমএস) উদ্যাগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুদিনব্যাপী ‘থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেটেরিয়ালস সায়েন্স অ্যান্ড কম্পিউটেশন (আইসিএমএসসি-২৬)’ শুরু হয়েছে। এবারের কনফারেন্সের প্রতিপাদ্য ‘গ্রিন কেমিস্ট্রি অ্যান্ড সাসটেইনেবল ইনোভেশন: ফ্রম মলিকিউলার ডিজাইন টু ক্লিন টেকনোলজি’।
আজ রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। সম্মানিত অতিথি ছিলেন জার্মানির হেনরিচ হেইন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ক্রিস্টোফ জানিয়াক। বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। সভাপতিত্ব করেন কনফারেন্স আয়োজক কমিটির কো-কনভেনর প্রফেসর ড. বলরাম রায়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে গবেষণার পরিধি ও গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে কম্পিউটেশন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিক্যাল সায়েন্সসহ সব কিছুর সঙ্গে যুক্ত। বিশেষ করে কম্পিউটেশনাল কেমিস্ট্রি বর্তমানে বৈজ্ঞানিক গবেষণার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় জটিল রাসায়নিক প্রক্রিয়া বিশ্লেষণ, নতুন উপকরণ উদ্ভাবন এবং গবেষণার গতি ত্বরান্বিত করতে এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি আরো বলেন, কম্পিউটেশনাল কেমিস্ট্রির ক্ষেত্রে অবদানের জন্য এরইমধ্যে তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন, যা ক্ষেত্রটির আন্তর্জাতিক স্বীকৃতি ও গুরুত্বকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
আন্তর্জাতিক এ সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও শিক্ষার্থীরা অংশ নেন।