ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছ। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া তামিম ডিজিটাল স্কেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাঁছগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা উজালীয়া কাজী বাড়ীর শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (২৯) ও একরাম হোসেন (১৮)। তারা সম্পর্কে আপন ভাই।
নিহতদের চাচাতো ভাই মো. সুজন বলেন, আলভী এন্টারপ্রাইজ নামে একটি পরিবহনে চাকরি করতেন মোশারফ। তাদের একটি পিকআপ রাস্তার পাশে পড়ে যায়। কোম্পানির মালিক তাকে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করতে বলেন। সে অনু্যায়ী রাত ৩টার দিকে ছোট ভাইকে নিয়ে গাড়িটি উদ্ধার করতে যান মোশারফ। তারা গাড়িটি উদ্ধার রাস্তার পাশে দাঁড় করান। মোশারফ পিকআপের পেছনের চাকার কাজ করতে যান। হঠাৎ নোয়াখালীগামী লাল সবুজ নামে একটি বাস পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে একটি বাস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মোশারফ। একরামকে স্থানীয়রা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে তিনিও মারা যান।
মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, একটি অজ্ঞাত বাস পিকআপকে সজোরে ধাক্কা দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে। অপরজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তিনিও মারা যান।