মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া জ্বালানি তেলবাহী একটি লরি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। আজ ভোরে ক্রেন দিয়ে টেনে লরিটি তীরের কাছে আনা হয়। বর্তমানে উদ্ধারকারীরা গাড়িটি উপরে তোলার কাজ করছেন।
এর আগে বুধবার রাত ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ফেরি থেকে নামার সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে লরিটি পড়ে আছে
বিআইডব্লিউটিএ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ চাকার ওই লরিটি ১৭ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে যশোর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। দৌলতদিয়া ঘাট থেকে শাহ মখদুম ফেরিতে করে লরিটি পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে আসে। ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যায়। এতে গাড়িটি পেছনের দিকে সরে সরাসরি নদীতে পড়ে ডুবে যায়।
লরিটি নদীতে পড়ে যাওয়ার পরপরই স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা চালক শরিফুল ইসলাম ও তার সহযোগীকে উদ্ধার করেন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রাত ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ভোর সাড়ে ৫টার দিকে লরিটি টেনে তীরের কাছে নিয়ে আসা সম্ভব হয়।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, ভোরে লরিটি উদ্ধার করে তীরে আনা হলেও সেটি এখনো পন্টুনে তোলা সম্ভব হয়নি। উদ্ধার করা লরি থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়া বা অন্য কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।