সখীপুরে ছুরিকাঘাতে নারী নিহত

ঘটনার পর থেকেই নিহতের স্বামী মেহেদী হাসান পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় ভাড়া বাসায় ছুরিকাঘাতে কাকলি (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই নিহতের স্বামী মেহেদী হাসান পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।

নিহত কাকলি সখীপুর উপজেলার ইছাদিঘী ইউনিয়নের আতিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্বামী মেহেদী হাসান ও দুই সন্তানকে নিয়ে পৌর এলাকার জেলখানা মোড়ের একটি বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মেহেদী হাসান মাংস কাটার ছুরি দিয়ে কাকলির শরীরে একাধিক আঘাত করেন। ঘটনাস্থলেই কাকলির মৃত্যু হয়। এরপর অভিযুক্ত স্বামী পালিয়ে যান।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত স্বামীকে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

আরও