ওসমানী স্বর্ণপদক পেলেন ফ্লাইট লেফটেন্যান্ট এহসানুল

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, একাডেমিক উৎকর্ষ একজন কর্মকর্তার পেশাগত জীবনের শক্তিশালী ভিত্তি তৈরি করে। অর্জিত জ্ঞান সময়ের সঙ্গে প্রজ্ঞায় রূপ নেয় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিকসে সর্বোচ্চ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ওসমানী স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ৮২ বাফা কোর্সের ফ্লাইট লেফটেন্যান্ট এহসানুল ইসলাম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পদক ও সনদ তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

এহসানুল ছাড়াও বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিকস ও বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ একাডেমিক কৃতিত্বের জন্য ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫ ও ৮৬ বাফা কোর্সের কর্মকর্তাদের ওসমানী স্বর্ণপদক ও সনদ দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, একাডেমিক উৎকর্ষ একজন কর্মকর্তার পেশাগত জীবনের শক্তিশালী ভিত্তি তৈরি করে। অর্জিত জ্ঞান সময়ের সঙ্গে প্রজ্ঞায় রূপ নেয় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

তিনি তরুণ কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারত্বের সর্বোচ্চ মান বজায় রাখার পাশাপাশি অর্জিত জ্ঞান কর্মজীবনে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, কমান্ড্যান্ট, ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও