সুন্দরবনে নিখোঁজের দুদিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম জানান, দুদিনের অভিযানের পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

সুন্দরবন ভ্রমণে গিয়ে সাগরের ঢেউয়ে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও বন বিভাগ। গতকাল রাত ১০টার দিকে সুন্দরবনের দুবলার চর এলাকার আলোরকোলের কানার মাথা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে। গত শুক্রবার দুবলার চর এলাকায় ভ্রমণের সময় সাগরের ঢেউয়ে নিখোঁজ হন তিনি। এরপর থেকে কোস্টগার্ড, বন বিভাগ ও তার সফরসঙ্গীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলেন।

এর আগে, গত ৫ নভেম্বর ১৯ জন পর্যটক নিয়ে ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি পর্যটকবাহী লঞ্চ তিন দিনের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। গত শুক্রবার দুপুরে দুবলার চর এলাকায় নতুন জেগে ওঠা একটি চরে লঞ্চটি আটকে যায়। এ সময় লঞ্চটি ছাড়াতে কয়েকজন পর্যটক পানিতে নেমে ধাক্কা দেন। একপর্যায়ে সাগরের ঢেউয়ে চার পর্যটক ভেসে যান। তাদের মধ্যে তিনজন ফিরে আসতে সক্ষম হলেও নিখোঁজ হন রিয়াজ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম জানান, দুদিনের অভিযানের পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, শনিবার রাত ১০টার দিকে আলোরকোলের জেলেরা সাগরের পাড়ে একটি মরদেহ ভাসতে দেখে কোস্টগার্ড ও বন বিভাগকে খবর দেন। পরে সংস্থা দুটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

আরও