জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন ও কল্যাণে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ শুক্রবার সকালে টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসার শহীদ আব্দুল মালেক মিলনায়তনে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে এখনো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ অব্যাহত রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
রুকনদের উদ্দেশে তিনি পবিত্র কোরআনের শিক্ষা অনুসরণ, নৈতিক চরিত্র গঠন, সুদ থেকে বিরত থাকা এবং মানুষের সঙ্গে উত্তম আচরণের আহ্বান জানান। পাশাপাশি গাজীপুরের শিল্পাঞ্চলভিত্তিক গুরুত্ব তুলে ধরে আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সমর্থন অর্জনে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশনা দেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শাহজাহান ও মাওলানা দেলাওয়ার হোসাইন। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।