সংঘবদ্ধ ডাকাত আতঙ্কে ব্যবস্থা নেয়ার দাবিতে পটুয়াখালী ও বরগুনা জেলা পেট্রলপাম্প এজেন্ট ও ট্যাংকলরি মালিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে এ বিষয়ে পটুয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাম্প সমিতির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত কয়েকদিনে তিনটি পেট্রলপাম্পে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা ১৮ লাখ টাকার বেশি লুট করে নিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত পাম্প মালিকরা জানান, ওই ডাকাতির ঘটনায় বরগুনা সদর থানায়, আমতলী থানায় ও পটুয়াখালী সদর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এরই মধ্যে ওই পাম্পগুলোয় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও তাদেরসহ পাম্পগুলোর ব্যবসার নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার পটুয়াখালীর কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে। এসব ঘটনায় অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতার এবং ব্যবসার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের দাবি জানান পটুয়াখালী ও বরগুনা জেলা পেট্রলপাম্প এজেন্ট ও ট্যাংকলরি মালিক সমিতির নেতারা।
এ সময় পাম্প মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন পাম্প সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম সরোয়ার ফোরকান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন প্রমুখ।