বগুড়ার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) হাবিলদার মো. রফিকুল ইসলাম (৫৬)।
নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে।
নিহত বিজিবি হাবিলদার মো. রফিকুল ইসলামের পরিচয়পত্র
জানা গেছে, কুড়িগ্রামের রাজারহাটে ছুটিতে বাড়ি ফেরার পথে সহকর্মীর সঙ্গে মোকামতলা বন্দরে বাস থেকে নামেন রফিকুল। পরে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুলের মরদেহ উদ্ধার করে। পরে তা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।