ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে আসাদুজ্জামান (৩৩) ও মোস্তাকিম (৩২) নামের দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন।
গত শনিবার ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩-এমপির কাছাকাছি ভারতীয় অংশের ভেতরে এ ঘটনা ঘটে।
আসাদুজ্জামান পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে এবং উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম। আহতের নাম শ্রী উদা। তিনি উত্তর ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) পীরগঞ্জ চান্দেরহাট বিওপির সীমান্ত পিলার ৩৩৩/এমপি নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় ৬৩/চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহল দল গুলি চালায়। এতে তিনজনই গুরুতর আহত হলে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসাদুজ্জামান চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন। তিনি মানব পাচারের সঙ্গেও জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী বলেন, ‘বিএসএফের গুলিতে নিহত আসাদুজ্জামান ও মোস্তাকিম দুজনই আমাদের এলাকার ছেলে। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে আমরা তাদের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। বিজিবিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে।’
৪২ বিজিবির সিইও আবদুল্লাহ আল মঈন বলেন, ‘বিষয়টি আমরা বিভিন্ন সূত্রে জেনেছি। তবে বিএসএফ এখনো অফিশিয়ালি আমাদের নিশ্চিত করেনি। এ ঘটনার বিস্তারিত তথ্যের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।’