কোটাসংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এর আগে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। এ সময় বিদ্যালয় গেটে তাদেরকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করার চেষ্টা চালায় তারা। পরে বিপুল সংখ্যক পুলিশের কয়েকটি ব্যারিকেডে বালক উচ্চ বিদ্যালয় সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। অন্যদিকে জেলা শহরের কলেজ মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগ। এতে করে উত্তজনা ছড়িয়ে পড়ে পুরো জেলা শহর জুড়ে।
শিক্ষার্থীরা জানান, কোটাসংস্কার আন্দোলনে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ও শিশুদের হত্যার প্রতিবাদে তাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়।
কুড়িগ্রামের অতিরিক্ত
পুলিশ সুপার রুহুল আমীন বিক্ষোভ মিছিলে বাধা দেয়ার কথা অস্বীকার করে জানান, শিক্ষার্থীরা
শান্তিপূর্ণভাবে বিদ্যালয় মাঠে তাদের কর্মসূচি পালন করেছে। আমরা তাদের নিরাপত্তায়
সেখানে দাঁড়িয়ে ছিলাম।