এগারো-দলীয় জোটের লংমার্চ সমাবেশ হবে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে, জিলা স্কুলের মাঠে নয়। এ নিয়ে জেলা প্রশাসন শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
শত বছরের ঐতিহ্যবাহী কুষ্টিয়া জিলা স্কুলের মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন বিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানকে সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মসূচির বাইরে রেখে শিক্ষার স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে হবে।
গতকাল দিনভর এ নিয়ে আলোচনা-উদ্বেগের মধ্যে সন্ধ্যায় সমাবেশ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবর শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে জনসভা আয়োজনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়াকে শর্তসাপেক্ষে অনুমতি দেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষে সহকারী কমিশনার (জুডিশিয়াল) মো. জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি গতকাল জারি করা হয়।
এর আগে গতকাল দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে মানববন্ধন করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। ‘কুষ্টিয়া জিলা স্কুল সবার, ঐতিহ্য রক্ষার দায়িত্বও সবার’—এমন বার্তা সংবলিত ব্যানার নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। পরে বিদ্যালয়কে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক মতাদর্শ যার যার ব্যক্তিগত বিষয়। তবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ, খেলার মাঠ ও সামগ্রিক পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের জন্য নিরাপদ ও নিরপেক্ষ থাকা প্রয়োজন।
বিদ্যালয়ের মাঠে রাজনৈতিক সমাবেশ হলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ঐতিহ্য ও ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে বলে তারা মনে করেন।