গাইবান্ধায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাছের গুঁড়ি লোড করার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া নামের একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৩ শ্রমিক।
নিহত শ্রমিক রিপন মিয়া বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে।
রোববার রাত ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে শ্রমিকরা গাছের গুঁড়ি ট্রাকে লোড করছিলেন। এ সময় হঠাৎ গাইবান্ধা থেকে ঢাকাগামী দ্রুতগতির কাজী লাইনস নামের একটি যাত্রীবাহী বাস ট্রাক ও শ্রমিকদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শ্রমিক রিপন মারা যান। গুরুতর আহত হন আরো ৩ শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক ( এসআই) আব্দুল আলিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হয়েছে।