‘উচ্চ শিক্ষা’ বলার মধ্য দিয়ে একটি সমস্যা তৈরি হয়। সেটি হলো উচ্চ শিক্ষাকে আমরা অন্য পর্যায়ের শিক্ষা থেকে আলাদা করে দেখি। সামগ্রিক পরিস্থিতিতে আমার মনে হয় উচ্চ শিক্ষার ভিত্তির দিকে যদি মনোযোগ না দিই, মান উন্নয়নে মনোযোগ না দিই, তাহলে উচ্চ শিক্ষার মান উন্নয়নে যে চেষ্টাই করি না কেন, বিশেষ করে জনশক্তির দক্ষতা যদি নিশ্চিত করতে না পারি; তাহলে যে ধরনের ব্যবস্থাই নিই না কেন, তার মান নিয়ে বেশি দূরে যাওয়া সম্ভব হয় না। উচ্চ শিক্ষাকে আমি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা থেকে আলাদা করে দেখতে চাই না। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কী ধরনের শিক্ষার্থী বা শিক্ষক আসবে, তা নির্ভর করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বুনিয়াদ কতটুকু তার ওপর। গ্লোবাল নলেজ ইনডেক্সে ১৪১টি দেশের মধ্যে আমাদের অবস্থান ১১৩। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনডেক্সে অবস্থান ১২৯তম। এর কারণ আমরা উন্নয়নের দর্শনের সঙ্গে শিক্ষার দর্শনের সমন্বয় করতে কখনো পারিনি। আমরা আগে যে উন্নয়ন দেখেছি, সেটি ছিল ত্রুটিপূর্ণ, দৃশ্যমান উন্নয়ন। আমরা দেখেছি শিক্ষা খাতে বছরের পর বছর বাজেট কমেছে। অবকাঠামো খাতে বাজেট প্রতি বছরই বেড়েছে। উন্নয়ন ও শিক্ষার দর্শনে, যারা সমন্বয় পেরেছে; তারা দুটি ইনডেক্সেই ওপরে রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা উন্নত না হলে, বিশ্ববিদ্যালয়ে আসা পর্যন্ত জনসম্পদ যদি দক্ষ না হয়, শুধু প্রতিষ্ঠানগত কিছু পরিবর্তন এনে শিক্ষা খাতে বড় পরিবর্তন সম্ভব না। উচ্চ শিক্ষা বলতে সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে আলাদা না করাই ভালো।
—ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সদস্য, ইউজিসি