রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সাবেক সভাপতি মুসতাক আহমেদকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৩৭তম সিন্ডিকেট সভায় গত ৯ মার্চ এ সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসতাক আহমেদ দায়িত্বে থাকাকালীন সময়ে অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, তার পরবর্তী পদোন্নতির তারিখ থেকে পাঁচ বছরের জন্য পদোন্নতি ও বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে। তিনি এ পাঁচ বছর একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না বা কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। বিভাগের পাওনাদি চিঠি ইস্যুর ১৫ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া তিনি অন্য কোনো চাকরি, খণ্ডকালীন শিক্ষকতা বা দায়িত্ব পালন করতে পারবেন না। এ পাঁচ বছর সক্রিয় চাকরির মেয়াদ হিসেবেও গণ্য হবে না।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ, নারী শিক্ষার্থীদের হয়রানি, ছাত্রলীগ নেতাকে ভুয়া প্রত্যয়নপত্র প্রদান ও একাডেমিক দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা তার অপসারণের দাবি জানান। তারা রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে ব্যানার টাঙান। একই সঙ্গে ওই অধ্যাপকের ব্যক্তিগত চেম্বারে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।