কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালের দিকে তাদের আটক করা হয়। জানা গেছে, সকালে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট-কচাকাটাগামী রাস্তার মধ্যে তারা ঘোরাঘুরি করছিলেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), আড়াই বছরের শিশু নুর সাহিদা, শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), বালুখালি ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), আবু (৭), সাফা (৬), কলাতলীর ইমান আলী, ইসমাইল আজাদ (৪৮)।
সূত্র জানায়, প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি ও কুতুংপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন আটককৃতরা। এতদিন ভারতের হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় ছিলেন তারা। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের ক্যাম্পগুলোয় অবস্থান করছেন বলে জানা গেছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি ১১ জনকে থানায় নিয়ে এসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।