সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্ত করলেন স্পিকার

সংসদ ভবন লেকে মোট ১২০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এর ধারাবাহিকতায় আজ ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে

দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সারা দেশে মাছ চাষ বাড়ানোর ধারাবাহিকতায় সংসদ ভবন লেকেও পর্যায়ক্রমে পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে।

আজ সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগর মাছ উৎপাদন ও আহরণের জন্য গুরুত্বপূর্ণ। সংসদ ভবন লেকে মাছ চাষের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষকেও উৎসাহিত করা হচ্ছে। এর ফলে দেশের মানুষ মৎস্যসম্পদ উৎপাদনে আরো আগ্রহী হবে।

সংসদ ভবন লেকে মোট ১২০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। এর ধারাবাহিকতায় আজ ২৫০ কেজি রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সব জায়গায় মাছ উৎপাদন বাড়াতে হবে। এতে দেশের মানুষের মাছ ও দুধভাতের চাহিদা পূরণের পাশাপাশি ‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্যও ধরে রাখা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও