নড়াইলে নারী প্রতিযোগীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাজলা নদীতে ১৬টি মতুয়া নারী দলের অংশগ্রহণ

বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের বাস্তবায়নে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প-২০২৬’ এর অংশ হিসেবে এ প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নদীর বুকে নৌকার ছন্দময় ছুটে চলা আর নারী প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে দর্শনার্থীরা মুগ্ধ হন।

নড়াইলে ১৬টি মতুয়া নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। নারীদের অংশগ্রহণে বর্ণিল এ আয়োজন ঘিরে কাজলা নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শনিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকায় কাজলা নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের বাস্তবায়নে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প-২০২৬’ এর অংশ হিসেবে এ প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নদীর বুকে নৌকার ছন্দময় ছুটে চলা আর নারী প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে দর্শনার্থীরা মুগ্ধ হন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) লিংকন বিশ্বাস, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম, নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, নড়াইলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে দেশী-বিদেশী পর্যটকদের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি লোকজ সংস্কৃতি সংরক্ষণ, নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই ধরনের আয়োজনের মাধ্যমে নড়াইলের লোকজ ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনা নতুনভাবে উন্মোচিত হবে এবং স্থানীয় সংস্কৃতির বিকাশ ঘটবে বলে তারা জানান।

এর আগে শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান অঞ্চলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। উৎসবের প্রথম দিনেই পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

নারীদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী নৌকাবাইচ নড়াইলের লোকজ ঐতিহ্যকে নতুন মাত্রা প্রদান করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই উৎসব স্থানীয় পর্যটনের বিকাশ ও গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও