বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। শনিবার (১৫ মার্চ) তিনি দেশ ছাড়েন।
আজ রোববার (১৬ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সফরে বিমান বাহিনী প্রধান ১৭ ও ১৮ মার্চ জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করবেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম ও ভবিষ্যতে অবদান বৃদ্ধির বিষয়ে জাতিসংঘ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সফর শেষে আগামী ২১ মার্চ তিনি দেশে ফিরবেন।