ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের অধিকার সমান বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশের সব মানুষের পরিচয় বাংলাদেশী। তাই কাউকে নিজেকে দুর্বল বা সংখ্যালঘু মনে করার কারণ নেই। কেবল নির্বাচনের সময় নয়, সারা বছর মানুষের সেবা করাই রাজনীতির লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘ধর্মীয় পরিচয়ে মানুষ আলাদা হতে পারে, কেউ পাহাড়ে, কেউ সমতলে বসবাস করতে পারে। কিন্তু দিনশেষে সবাই বাংলাদেশের নাগরিক এবং সবার অধিকার সমান। একটি সুন্দর, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
গতকাল দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার কাদিমনগর সর্বজনীন দুর্গা পূজা মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সব সময় জনগণের পাশে থাকা, মানুষের কথা বলা এবং জনকল্যাণে কাজ করা। শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর মানুষের সেবা নিশ্চিত করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।’
গত বছরের দুর্গা পূজার মণ্ডপগুলোয় পাহারায় থাকা ব্যক্তিদের এ বছর আর দেখা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের আগে হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেতে মণ্ডপে স্বেচ্ছাসেবক পাঠানো হলেও ভোট না থাকায় এখন তাদের অনুপস্থিতি লক্ষ করা যাচ্ছে।’ এ প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, ‘তাহলে কী ক্ষমতার জন্যই রাজনীতি করেন তারা?’
মন্ত্রী বলেন, ‘বিএনপি বিরোধী দলে থাকাকালেও জনগণের পাশে ছিল। বর্তমানে সরকারে থেকেও দলটির নেতাকর্মীরা মানুষের সেবা করে যাচ্ছেন। যারা বড় বড় কথা বলেন, গত বছর তারা কী করেছেন এবং এ বছর কী করছেন, তা জনগণের বিবেচনায় নেয়া প্রয়োজন।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের মধ্যে দলের প্রতি যে আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে, তা ধরে রাখার পাশাপাশি আরো সুদৃঢ় করতে হবে।’