মৌলভীবাজারের বড়লেখায় আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে সিএনজি চালিত অটোরিকশা চালকের সহযোগিতায় এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সকালের দিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকালই তরুণী বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকেই গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাদেপুকুরিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও উপজেলার চুকারপুঞ্জি গ্রামের মাসুক মিয়ার ছেলে আলী আহমদ (১৮)। দেলোয়ার হোসেন স্থানীয় একটি বাজারের পাহারাদার এবং আলী আহমদ অটোরিকশা চালক।
এদিকে শনিবার ঘটনার শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণী ছোটবেলা থেকে নানা বাড়িতে বসবাস করেন। বৃহস্পতিবার তিনি খালার বাড়ি বেড়াতে যান। বৃহস্পতিবার রাতেই নানা বাড়ি থেকে মোবাইল ফোন খবর পান যে তার নানা অসুস্থ। খবর পেয়ে শুক্রবার সকাল ৭টার দিকে খালার বাড়ি থেকে নানা বাড়ির উদ্দেশে রওনা হন। শাহবাজপুর বাজারে আসার পর তরুণীর খালাতো ভাই অটোরিকশা চালক আলী আহমদের গাড়িতে তুলে দেন। পথে আলী আহমদ শাহবাজপুর বাজারের পাহারাদার দেলোয়ারকে অটোরিকশায় তোলেন।
সকালের নির্জনতার সুযোগ নিয়ে দেলোয়ার অটোরিকশাতেই ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালান। ওই তরুণী গাড়ি থেকে নামার চেষ্টা করলে সিএনজি চালকের সহযোগিতায় দেলোয়ার তাকে আতুয়া এলাকার নির্জন স্থানে নিয়ে যান। পরে সেখানে দেলোয়ার তাকে ধর্ষণ করেন।
মামলায় আরো অভিযোগ করা হয়, এসময় স্থানীয় ইসলামপুর এলাকা থেকে একটি মোটরসাইকেল আসার শব্দ পেয়ে ভুক্তভোগী তরুণীকে রেখে অভিযুক্ত দুজন পালিয়ে যান। পরে নানা বাড়ি না যাওয়ায় তাকে খুঁজতে গিয়ে খালাতো ভাই ও স্থানীয় লোকজন আতুয়া এলাকায় পেয়ে উদ্ধার করেন।
এ ঘটনায় ওইদিন দুপুরে অভিযুক্ত দেলোয়ার ও তার সহযোগী আলী আহমদের বিরুদ্ধে থানায় মামলা করেন তরুণী।
মামলার পরিপ্রেক্ষিতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় পৃথকস্থান থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’