দেশী উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকালে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে আয়োজিত তিনদিনের এ মেলার মূল প্রতিপাদ্য: ‘ইনোভেট টু মার্কেট’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের টেকসই অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসারও আহ্বান জানান।
উদ্ভাবক-উদ্ভাবনী প্রতিষ্ঠান-বিনিয়োগকারীদের প্রতি প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ অবস্থান থেকে সব চেষ্টা এবং উদ্যোগ গ্রহণ করব। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন, আপনাদের এগিয়ে আসা রাষ্ট্রের জন্য প্রয়োজন।’ তিনি সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যের প্রশংসা করে তারেক রহমান বলেন, ‘পূর্ববর্তী বক্তারা এবং বিশেষ করে ডক্টর আনিসুজ্জামান ইনোভেশন নিয়ে তার উপস্থাপন ও বক্তব্যে যে বিষয়গুলো তুলে ধরেছেন, সেগুলোর মধ্য দিয়েই আমাদের আগামী দিনের কর্মপন্থা মোটামুটিভাবে নির্ধারিত হয়ে গেছে। আমরা যদি এসব কর্মপন্থা ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারি, তবেই আমরা আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হব।’
দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র ও সরকারের প্রয়োজনে উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার উদ্যোক্তা ও গবেষকদের সর্বাত্মক সহায়তায় সব সময় পাশে থাকবে।’
পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, দেশী-বিদেশী উদ্ভাবক ও বিভিন্ন পর্যায়ের গবেষকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু; বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
মেলায় সরকারি-বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। এতে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।
আয়োজকরা জানান, দেশে একটি শক্তিশালী ‘ন্যাশনাল ইনোভেশন ইকোসিস্টেম’ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
মেলায় কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর, ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতীয় সংঘ উন্নয়ন কর্মসূচি।
আজ দ্বিতীয় দিনে স্বাস্থ্য খাত নিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক বিশেষ সেমিনার হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান।