সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯৯ জনের মধ্যে হামের উপসর্গ এবং ১২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ হিসাব গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৮৪০ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সাত মাসে দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ শনাক্তের দিক থেকে ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগটিতে ৮৭ হাজার ২০০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৪৮৬ জন। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে উপসর্গ শনাক্ত হয়েছে ৪১ হাজার ৭৭৬ জনের। ২২ হাজার ৫৮১ জনের মধ্যে উপসর্গ শনাক্ত নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ।