গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাররা হলেন ঢাকার বংশাল থানা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. ওবায়দুল হক, টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতিকুর রহমান বুলবুল মিয়া, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম ওরফে খোকা পাটোয়ারী, ঢাকার যাত্রাবাড়ী থানার ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক সম্পাদক মাহাবুবুল হক হেলাল, ঢাকার পল্লবী থানা ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি শফিকুর রহমান মুন্সি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চকবাজার থানা ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বাবু, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বাবু, যাত্রাবাড়ী থানার দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হালিম আহমেদ, ঢাকার তেজগাঁও থানার ২৫নং ওয়ার্ড ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাব্বির আহম্মেদ, আওয়ামী লীগের সক্রিয় সদস্য শামসুদ্দীন, ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড গোয়াল নগর ইউনিটের সভাপতি নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টু ঘোষ।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৫টার দিকে মো. ওবায়দুল হককে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে মো. আতিকুর রহমান বুলবুল মিয়াকে একই দিন বিকাল সাড়ে ৪টায় বনানী থানা থেকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। তার বিরুদ্ধে টাঙ্গাইল সখীপুর থানায় একাধিক মামলা রয়েছে। বিকাল সাড়ে ৩টায় পল্টন থানা এলাকা থেকে মো. আমিরুল ইসলামকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ। রাত আনুমানিক ১১টায় অপর এক অভিযানে ডেমরা থানা এলাকা থেকে মো. মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।
এদিন রাত সাড়ে ৮টায় অপর এক অভিযানে পল্লবী থানা এলাকা থেকে শফিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ। রাত সাড়ে ৮টায় অপর এক অভিযানে পল্লবী থানা এলাকা থেকে শফিকুর রহমানকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগ। একই দিন রাত সাড়ে ১১টায় চকবাজার থানাধীন হোসেনি দালান রোড ইমামবাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের জোনাল টিম। আরেক অভিযানে রাত সাড়ে ৮টায় ঢাকার ইসলামপুর এলাকা থেকে মো. মাহবুবুর রহমানকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। রাত পৌনে ১২টায় অপর এক অভিযানে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে হালিম আহমেদকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। আরেক অভিযানে সৈয়দ সাব্বিরকে গ্রেফতার করে ডিবির সাইবার বিভাগ। কোতোয়ালি থানাধীন ইসলামপুর এলাকা থেকে নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের জোনাল টিম।
ডিবি সূত্রে আরো জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় আরেক অভিযানে ধানমন্ডি থানার লালমাটিয়া এলাকা থেকে মাহাবুবুল হককে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। রাত ১টার দিকে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে শামসুদ্দীনকে গ্রেফতার করে ডিবি-গুলশান ডিভিশনের একটি টিম। ভোর পৌনে ৪টায় উত্তরা পূর্ব থানার উত্তরা ৪ নং সেক্টর এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।