দিনাজপুর ও ঝিনাইদহের সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

দিনাজপুরের বিরামপুর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে মোট ১৫ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শনিবার ভোরের দিক বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জন ও মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা করা হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাদের চেষ্টা ব্যর্থ হয়।

বণিক বার্তার ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, এদিন ভোরে মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দেয় বিজিবি। খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর সাড়ে ৫ টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্যরেখা থেকে ৩০ গজ দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। বিষয়টি বিএসএফ’কে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আর দিনাজপুরের প্রতিনিধি জানিয়েছেন, ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকার ভাইগড় সীমান্তের খেয়ার মাহমুদপুর এলাকা দিয়ে বিএসএফ ভারত থেকে তৃতীয় লিঙ্গের একজনসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসী তাদের বাধা দেয়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়।

পরে সকাল থেকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে। একইভাবে সীমান্তের এপারে বিজিবি সদস্যদের উপস্থিতি বাড়ার পাশাপাশি স্থানীয় গ্রামবাসী লাঠি হাতে অবস্থান নেয়। এতে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। ওই ৯ জন ভারতীয় সীমান্তের দশ গজ অভ্যস্তরে অবস্থান করছে।

কাটলা ইউনিয়ন পরিষদের খেয়ারমাহমুদপুর ৯নং সদস্য শুকুর আলী বলেন, আজ শনিবার ভোররাতে বিএসএফ সদস্যরা ৯ জন নারীকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে তারা সীমান্ত এলাকা থেকে ফিরে যেতে বাধ্য হয়। পরে সীমান্তে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ায় কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল।

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টিয়া আলম বলেন, ভারত থেকে অবৈধভাবে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। এসময় বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে তাদের ভারতীয় সীমান্তে ফেরত পাঠিয়েছে।

আরও