অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল ওয়ার্কস (অনারিস কাউসা)’ সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছেন তিনি।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য রিটজ-কার্লটন হোটেলে আয়োজিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স ২০২৬’-এর ৪৩তম আসরে ইয়াশা সোবহানের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পেশাজীবী ও কৃতী ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আয়োজিত এ আন্তর্জাতিক অনুষ্ঠানে তার এ অর্জন সামাজিক কল্যাণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে তুলে ধরা হয়েছে।
বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ইয়াশা সোবহান অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন ও বিকাশে কাজ করছেন। শিশুদের সক্ষমতা বিকাশ, তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি এবং সমাজে তাদের স্বতন্ত্র পরিচয় ও সম্ভাবনাকে গুরুত্ব দেয়ার বিষয়গুলো ফাউন্ডেশনের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।
ইয়াশা সোবহান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যবসা উন্নয়ন ও ব্র্যান্ড নির্মাণের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে।