বুটেক্স-আইইটি ডাই-কেম এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেয়ার পাশাপাশি শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করবে বলে প্রত্যাশা করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। একই সঙ্গে এ আয়োজন পরবর্তী প্রজন্মের বস্ত্রশিল্প পেশাজীবীদের অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স-আইইটি ডাই-কেম এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পানিসম্পদ মন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বস্ত্রশিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শত শত পেশাজীবী তৈরি করছে, যাদের চাহিদা দেশে ও বিদেশে রয়েছে।
বস্ত্রশিল্পে পানির ব্যবহার অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর কমে যাচ্ছে। তাই ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে পানির বিকল্প উৎস ও ব্যবহারের নতুন পদ্ধতি উদ্ভাবনের ওপরও গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী আরো বলেন, দেশের বস্ত্রশিল্পের অগ্রগতির সঙ্গে পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতিকে টেকসই শিল্প উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইটির সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন ও মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ড. তানিয়া আক্তার, অধ্যাপক ড. রাশেদা বেগমসহ অন্যান্যরা।