সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে পৌর এলাকার থানা রোডের ওই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশের ধারণা, মরদেহ দুটির একটি নারী ও একটি শিশুর হতে পারে। গত ছয় মাসে এ নিয়ে চার দফায় একই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার হলো।
স্থানীয়রা জানান, গতকাল সাভার কলেজের এক শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে পোড়া মরদেহ দুটি দেখতে পান। পরে তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, ‘মরদেহ দুটি আগুনে পোড়া থাকায় এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
এর আগে গত ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১১ অক্টোবর রাতে ওই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ ১৯ ডিসেম্বর দুপুরে ভবনটির দ্বিতীয় তলার টয়লেট থেকে এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আগের তিনটি ঘটনার ক্ষেত্রেও নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।