চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আজ রোববার এক শোক বার্তায় তিনি হতাহতদের প্রতি শোক প্রকাশ করেন।
রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন তিনি।
এর আগে পৃথক এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা প্রদানে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।