কক্সবাজারের হিমছড়ি পেঁচারদ্বীপ সৈকতে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরেক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকালে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া চরে এ দুর্ঘটনা ঘটে। আজ সকালে মো. হারুন (২০) নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো একজন।
উদ্ধার হওয়া হারুন চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মো. কবিরের ছেলে। নিখোঁজ অপর পর্যটক রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২)। এ নিয়ে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো।
এর আগে গতকাল স্থানীয়রা তিন পর্যটকের মরদেহ উদ্ধার করেন। তারা হলেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মুকাররম হোসেনের ছেলে রোহান (২৩), শহীদুল ইসলাম (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার মো. আকাশ (২১)। নিখোঁজ অন্য পর্যটকের সন্ধানে তল্লাশি চলছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের দুটি দল পেঁচারদ্বীপ জাদুঘরসংলগ্ন রেজুখাল পেরিয়ে খাল ও সমুদ্রের মাঝখানে জেগে ওঠা একটি চরে ঘুরতে গিয়েছিল। বিকালে জোয়ার শুরু হলে পানি বাড়তে থাকে। একপর্যায়ে চরটি পানিতে তলিয়ে গেলেও পর্যটকরা তা বুঝতে পারেননি। পরে তারা পানিতে ডুবে যান।
হাসপাতালে চিকিৎসাধীন পর্যটক সানী জানান, গতকাল দুপুর ১২টার দিকে তারা ট্রেনে করে কক্সবাজারে পৌঁছান। আগে থেকে বুকিং করা পেঁচারদ্বীপের একটি রিসোর্টে ওঠার পর বিকাল সাড়ে ৩টার দিকে সমুদ্রে গোসল করতে নামেন। পরে রেজুখাল পেরিয়ে চরে যান। একইভাবে অন্য একটি পর্যটক দলের সদস্যরাও খাল পেরিয়ে সেখানে গিয়েছিলেন। এরপরই দুর্ঘটনা ঘটে।