আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুইদিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানান তিনি।
জাতীয় সংসদে গতকাল কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। এর আগে কুমিল্লায় নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধারের কথা উল্লেখ করে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, বাড়ি যাওয়ার পথে তাকে কে বা কারা হত্যা করে ফেলে রাখে। তিনি (সংসদ সদস্য) পুলিশকে ফোন দিয়েছিলেন। পুলিশ বলেছে, তাদের জ্বালানি তেল সংকট আছে। তাই তাদের ‘ডিউটির পরিমাণ’ কমে গেছে, এত রাত পর্যন্ত থাকার সুযোগ নেই।
পুলিশের জ্বালানি তেল রেশনিং পদ্ধতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারি দলের এ সংসদ সদস্য বলেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। এর ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। জনগণের নির্বিঘ্নে চলার সমস্যা হচ্ছে।
এ সংসদ সদস্যের বক্তব্যের পর সরকারের সিদ্ধান্তের কথা সংসদকে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর থেকে যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেয়া হয়েছে। দুইদিন আগেই এ সিদ্ধান্ত আমরা নিয়েছি। বিষয়টি স্পষ্ট করে দেয়া হয়েছে। আশা করি এ সমস্যা আর হবে না।’