তিতাস ও বাখরাবাদ ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খননের লক্ষ্যে চীনের প্রতিষ্ঠান সিএনপিসি চুয়ানকিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিসিডিসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। বৃহস্পতিবার (৭ আগস্ট) পেট্রোবাংলার বোর্ড রুমে এ চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। বিজিএফসিএল-এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন কোম্পানি সচিব মো. মোজাহার আলী আর সিসিডিসির পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির সিইও লি জিয়াওমিং। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিএফসিএল।
অনুষ্ঠানে সিএনপিসি চুয়ানকিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি, পেট্রোবাংলার পরিচালক, প্রকল্প পরিচালক, বিজিএফসিএল ও বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
দেশের বিরাজমান জ্বালানি ঘাটতি পূরণের লক্ষ্যে ভূ-গর্ভস্থ গভীরতম স্তর থেকে গ্যাস অনুসন্ধানে বিজিএফসিএল-এর আওতায় ২টি গভীর অনুসন্ধান কূপ, তিতাস-৩১ ডিপ (৫৬০০ মিটার) ও বাখরাবাদ-১১ ডিপ (৪৩০০মিটার) এর খনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কূপ খনন, ভূমি অধিগ্রহণ ও গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণসহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৭৯৮ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে জিওবি ঋণ ৫৫৮ দশমিক ৬০ কোটি টাকা আর বিজিএফসিএল এর নিজস্ব অর্থায়ন ২৩৯ দশমিক ৪০ কোটি টাকা। উক্ত প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল জুলাই-২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
কূপ দুটির খনন শেষে তিতাস-৩১ ডিপ কূপ থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ও বাখরাবাদ-১১ ডিপ কূপ হতে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।