ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, ২০০ ছাড়াল মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসেই মারা গেছেন ১০৪ জন। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট—এ আট মাসে এত মৃত্যু হয়নি এডিস মশাবাহিত এ রোগে।

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৬৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি পরিচালন কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষের প্রতিদিনের প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮৬৮ জনের মধ্যে ১ হাজার ১৩৫ পুরুষ ও ৭৩৩ নারী। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজনই পুরুষ ও দুজন নারী।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসেই মারা গেছেন ১০৪ জন। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট—এ আট মাসে এত মৃত্যু হয়নি এডিস মশাবাহিত এ রোগে। এর আগে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয় আগস্টে, ৪৩ জন। আগের মাসে, অর্থাৎ জুলাইয়ে মৃত্যু হয় ৩৬ জনের।

এছাড়া ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৭ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬২ হাজার ১১৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৯ রোগী চিকিৎসাধীন আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ২০১ জনের মধ্যে ৯৬ জন পুরুষ ও ১০৫ জন নারী। বয়সভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ২৬-৩০ বছর বয়সীদের মধ্যে, যার সংখ্যা ২৫।

ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় নতুন করে সবচেয়ে বেশি ৪০৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছে ৩১৭, খুলনা বিভাগে ২৮০ ও বরিশাল বিভাগে ১৭৮ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ওই বছর মৃত্যুও ছিল সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

আরও