জেলার হোসেনপুরে একটি ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের মেসার্স মায়ের দোয়া ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)। আহত দুইজন হলেন একই এলাকার লোকমান হোসেনের ছেলে আন্নাছ মিয়া এবং হাদিস মিয়ার ছেলে হৃদয় মিয়া।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় ভাটার কিলন বা চিমনির পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে চার শ্রমিক চাপা পড়েন। ঘটনাস্থলেই উৎপল মিয়া ও গোলাপ মিয়ার মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বাসসকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।